জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে টুনু আকন্দ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত টুনু আকন্দ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত সাদেক আকন্দের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে খড় শুকানোর কাজ করছিলেন তিনি। এ সময় প্রচণ্ড তাপদাহে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন টুনু আকন্দ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শামীম আহমেদ বলেন, রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।