প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদ মন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সকাল ১০টায়) বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশের চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরে চীনের সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করলে চীনের পানিসম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর হয়েছে।
বৈঠকে নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা, নৌ-নেভিগেশন উন্নয়ন এবং পানি ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
চীনের পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।