বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংকটের সময়ে দলটির অন্যতম পরিচিত মুখ হিসেবে সামনে ছিলেন রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং দলের চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করলেও প্রায় নিয়মিত দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে সংবাদ সম্মেলন ও রাজনৈতিক কর্মসূচিতে দলের অবস্থান তুলে ধরতেন তিনি।
দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকার ধারাবাহিকতায় ২০ আগস্ট ২০২৬ তাকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। এতে তার নিজ জেলা কুড়িগ্রামসহ দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রুহুল কবির রিজভীর পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও লাভ করেন।
ছাত্রজীবনের শুরুতে উচ্চ মাধ্যমিকের পর বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন রিজভী। তিনি সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় প্রচার সম্পাদকের দায়িত্ব পান। পরে তিনি সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।
১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন রিজভী। ১৯৯০ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।
দলীয় রাজনীতিতে পরবর্তী সময়ে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন তিনি। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন।
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করেন রিজভী। পরে ১৭ ফেব্রুয়ারি তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়।
এরপর ১৫ আগস্ট ২০২৬ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয় তাকে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ২০ আগস্ট ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন রিজভী।
বিপ্লবী ছাত্ররাজনীতির মাধ্যমে পথচলা শুরু করে ছাত্রদলের নেতৃত্ব, রাকসুর ভিপি, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য—বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালনের পর এবার দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন রুহুল কবির রিজভী।