বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের বৈঠক শেষে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে দুই প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে জানান, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া এসব চুক্তি ও সমঝোতা স্মারক বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, বৈঠক শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন।
এ ছাড়া শুক্রবার (২৭ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।
মাহদী আমিন বলেন, উভয় বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবেন এবং এসব আলোচনা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।