চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, অপরাধী যে রাজনৈতিক দলেরই হোক, পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বরগুনার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়াই দ্রুত সরকারি সেবা পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশনাও দেন তিনি।
উপকূলীয় জেলা বরগুনার কৃষি, মৎস্য, পর্যটন ও অবকাঠামো খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, এসব খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে কার্যকর উদ্যোগ নেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে উন্নয়ন কার্যক্রমের সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়।
বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ওলি উল্লাহ, পুলিশ সুপার কুদরাত ই খুদা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।