প্রায় ১০ বছর বন্ধ থাকার পর অবশেষে সর্বসাধারণের জন্য খুলছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা উদ্যানটি এবং সেখানে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আগামী ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ওসমানী উদ্যানের আধুনিকায়ন এবং জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর উদ্যানটি নতুন সাজে নগরবাসীর ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। জুলাইয়ের শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণে সেখানে নির্মাণ করা হয়েছে বিশেষ স্মৃতিস্তম্ভ। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন।
তিনি জানান, আধুনিকায়ন করা উদ্যানে হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক গ্রন্থাগার, শিশুদের খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারার ব্যবস্থা রাখা হয়েছে। পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর উপযোগী করে সাজানো হয়েছে পুরো উদ্যান।
সচিবালয়-সংলগ্ন গুরুত্বপূর্ণ এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশ আরও মনোরম রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।