ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলীয় এলাকা মোংলায় ফিজিবিলিটি স্টাডি করারও নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠকের পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা শহরের প্রায় ৭৪ শতাংশ পানি ভূগর্ভস্থ উৎস থেকে উত্তোলন করা হয়, যা দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। এ কারণে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প পানির উৎস ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, লবণাক্ত পানি শোধন করে ব্যবহারের সম্ভাবনা যাচাই করতে চাঁদপুরের নদীর মোহনা ও মোংলা উপকূলে ফিজিবিলিটি স্টাডি করা হবে। পরিশোধিত পানি ভবিষ্যতে গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনাও রয়েছে।
এদিকে মেঘনা নদী থেকে পানি এনে ঢাকায় সরবরাহের জন্য প্রায় ১৬ হাজার কোটি টাকার ‘সায়েদাবাদ প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও জানান, এ প্রকল্পে ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা সহযোগিতা করবে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধনাগার স্থাপনের জন্য ডেনমার্ক সরকার প্রায় ১০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে।