বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের নামে বরাদ্দ সরকারি ভাতার টাকা জামায়াতের এক নেতার উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মসজিদের সাবেক মুয়াজ্জিন আব্দুর রব হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, উত্তর পুটিখালী গ্রামের পুটিখালী বায়তুন আমান জামে মসজিদে দীর্ঘদিন ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয় না। শুক্রবার জুমার নামাজে একজন অস্থায়ী ইমাম এবং অন্য সময়ে স্থানীয় একজন আজান দেন। তবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের নামে সরকারি ভাতার টাকা উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
মসজিদ-সংশ্লিষ্ট ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সরকারি ভাতার টাকা নির্ধারিত ব্যক্তিদের মধ্যে সঠিকভাবে বিতরণ এবং মসজিদে নিয়মিত নামাজ আদায়ের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মাওলানা নাজির আহম্মেদ। তিনি দাবি করেন, মসজিদের খতিব হিসেবে তিনি নিয়মিত নামাজ পড়ান এবং সেখানে ইমাম ও মুয়াজ্জিনও রয়েছেন। এ পর্যন্ত শুধু ৫ হাজার টাকা প্রণোদনা উত্তোলন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
মাওলানা নাজির আহম্মেদের অভিযোগ, রাজনৈতিকভাবে তাকে হেয় করতেই একটি মহল এসব অভিযোগ করেছে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, শুধু পুটিখালী ইউনিয়ন নয়, এ ধরনের আরও কয়েকটি মসজিদ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্তে একটি কমিটি কাজ করছে। কমিটির সভায় বিষয়গুলো যাচাই-বাছাই করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।