মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, নয় মাস আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না চালালে তেহরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরাক ও ইরানের মতো দেশে মার্কিন বাহিনীর প্রবেশ ছিল বড় ধরনের কৌশলগত ভুল। তবে ইরানের পারমাণবিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি হওয়ায় হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান দিয়ে চালানো হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বড় ধাক্কা খেয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ওই হামলা না হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারত।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের মূল সেনাবাহিনীকে ধ্বংস করেনি। কারণ দেশটির নিয়মিত সামরিক বাহিনীকে তুলনামূলকভাবে বাস্তববাদী মনে করে ওয়াশিংটন। বরং প্রশাসনের উগ্রপন্থী অংশগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘অসাধারণ চুক্তি’ করতে চায়। তবে ইরান রাজি না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন। একই সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।