জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। পরে তিনি বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।
রোববার (১৫ জুন) সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই এমপি বলেন, তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।”
তবে পরবর্তীতে তার নির্বাচনী হলফনামার তথ্য সামনে এলে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। হলফনামা অনুযায়ী, আব্দুল মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি, যা মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পর। এছাড়া তার বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগম বর্তমানে জীবিত রয়েছেন এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার ধলাগাছ গ্রামে বসবাস করছেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে এমপি আব্দুল মুনতাকিম বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারিত হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
এদিকে সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. শফিকুল ইসলাম ঘটনাটিকে ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে হওয়া ভুল হিসেবে উল্লেখ করেছেন।