দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব ধরনের বাধা মোকাবিলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, দেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্স প্যাকেজিংয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ শুরু হয়েছে। কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্পকে সরকার জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছে। এ খাতের বিকাশে চলতি বাজেটে কাঁচামাল আমদানিতে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সেবার রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিনিয়োগবান্ধব নীতি, কর-সুবিধা, বন্ড সুবিধা এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করে বাংলাদেশকে সেমিকন্ডাক্টর শিল্পের একটি সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
দুই দিনের এ সামিটে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, গবেষক, বিনিয়োগকারী এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পাশাপাশি ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’-এ শিক্ষার্থী ও স্টার্টআপদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স ও স্বাস্থ্যপ্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।