ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্যের অভিযোগে এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
শনিবার (৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তন্ময় কুমার সাহা এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিল’-এ জমা দেওয়ার দাবি জানানো হয়েছে।
ব্যারিস্টার ফুয়াদের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ব্যারিস্টার ফুয়াদ গত ৫০ থেকে ৭০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের জাতীয় ক্ষতির জন্য দায়ী করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণ, সাম্প্রদায়িক ও বিভাজনমূলক মন্তব্য করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
আইনজীবী তন্ময় কুমার সাহার দাবি, এসব মন্তব্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করেছে এবং লাখো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও মানসিক কষ্টের সৃষ্টি করেছে।