সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনের সময় গত ১৮ মাস ধরে সেনাসদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছেন। তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে আয়োজিত ‘বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘ ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে উচ্চমানের দক্ষতা দেখিয়েছেন, তা প্রশংসনীয়। কঠোর দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তিগত ও কারিগরি সক্ষমতা ধরে রাখা সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রতিফলন।
অনুষ্ঠানে পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ফরমেশনের সদস্য, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, বিভিন্ন এরিয়া কমান্ডার, সেনাসদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।