পশ্চিমবঙ্গে আলু রপ্তানিতে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, এখন থেকে আলু ও পেঁয়াজসহ সব কৃষিপণ্য ও পশুপণ্য দেশের যেকোনও রাজ্যে বাধাহীনভাবে পাঠানো যাবে। এই সিদ্ধান্তকে কৃষক ও ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নতুন সরকার আগের প্রশাসনের জারি করা আন্তঃরাজ্য আলু রপ্তানির নিষেধাজ্ঞা পুরোপুরি বাতিল করেছে। শুধু আলু নয়, এখন থেকে পেঁয়াজ, খাদ্যশস্য, তেলবীজ, ফল, সবজি ও পশুপণ্যও দেশের যেকোনও অংশে বাধাহীনভাবে পরিবহন করা যাবে।
রাজ্য সচিবালয়ে সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকার কৃষকদের অসীম কষ্টে ফেলেছিল। আজ থেকে সেই বাধার অবসান ঘটালাম। আন্তঃরাজ্য সীমান্তে কৃষি বা পশুপণ্য পরিবহনে কেউ বাধা দিতে পারবে না।”
তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করা হয়েছে এবং খুব দ্রুতই এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, আলু রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে কৃষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল, যার প্রভাব সাম্প্রতিক নির্বাচনের ফলেও পড়েছে। ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি শুভজিৎ সাহা জানান, আগের সরকারের নির্দেশনার কারণে অনেক আলু মাঠেই নষ্ট হয়েছে এবং কৃষকরা বড় ক্ষতির মুখে পড়েছেন।
বর্তমানে রাজ্যে প্রায় ১০ লাখ মেট্রিক টন আলুর মজুত রয়েছে, যা এখন অন্য রাজ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার কলকাতার খাদ্য ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।