রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও বঙ্গভবনে অবস্থান করছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিদায়ের আগে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আনুষ্ঠানিক বিদায়ী বৈঠকও করেছেন।
রবিবার (২৬ জুলাই) তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
জানা গেছে, গুলশানে সাবেক রাষ্ট্রপতির নিজস্ব বাসভবনে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
অন্যদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আপাতত স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করছেন। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।
তবে নিজ বাসভবনে অবস্থান করলেও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রয়োজনীয় দাফতরিক কার্যক্রম বঙ্গভবন থেকেই পরিচালনা করবেন হাফিজ উদ্দিন আহমদ।