বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগ ও বৈধ অভিবাসনের সুযোগ বাড়াতে আগামী মাসে ঢাকায় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে ইতালি দূতাবাস। এতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ইতালীয় ভাষা, দেশটির সংস্কৃতি, সামাজিক রীতিনীতি এবং প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো।
সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত তৃতীয় ভাষা শিক্ষা এবং দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে প্রস্তাবিত প্রশিক্ষণ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের ইতালিতে কাজের উপযোগী করে তোলার পাশাপাশি তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
উদ্যোগটিকে স্বাগত জানিয়ে মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশ ও ইতালির অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ইতালির রাষ্ট্রদূত। দুই দেশের অংশীদারত্বের কথা উল্লেখ করে তিনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও নতুন সম্ভাবনা কাজে লাগাতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হয়। বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি ইতালিতে স্থায়ীভাবে বসবাস করছেন বলে উল্লেখ করা হয়। তাঁদের পাঠানো প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এ ছাড়া অনিয়মিত পথ পরিহার করে বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির ভিসা পাওয়ার সুযোগ বৃদ্ধি ও আবেদনপ্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা করেন দুই পক্ষ।
সাক্ষাৎকালে ঢাকায় ইতালি দূতাবাসের উপমিশনপ্রধান ফেদেরিকো জাম্পারেলি উপস্থিত ছিলেন।