২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সংস্কার ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে যেমন নানা চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে বিপুল সম্ভাবনাও। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নিরাপদ ও টেকসই বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভ্যাট ও কর (ট্যাক্স) প্রক্রিয়া সহজ করা, সরকারি সেবা ডিজিটালাইজেশন এবং বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
তারেক রহমান আরও বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যবসা ও বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও অনুকূল পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে চায় এবং এ লক্ষ্যে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।