স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি নিজেও ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমে অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুন এই ফায়ারিং রেঞ্জ এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা, নিরাপত্তা কৌশল এবং প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সদস্যদের এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তব্যে তিনি আরও বলেন, রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান হিসেবে জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। তাই নিরাপত্তার কড়াকড়ি যেন সরকারপ্রধানকে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন না করে, সে বিষয়ে এসএসএফকে সতর্ক থাকতে হবে।
এছাড়া ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা দুর্ব্যবহারের শিকার না হন, সেদিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকালীন সময় এবং মৃত্যুর পর আয়োজিত বৃহৎ জানাজা ব্যবস্থাপনায় এসএসএফের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।