প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়েও আলোচনা চলছে। ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে তিনি অংশ নেবেন, নাকি দ্বিপক্ষীয় সফরে যাবেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।