আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের কলঙ্ক বিএনপি নেবে না।
বুধবার (৪ সেপ্টেম্বর) কুড়িগ্রামে এক দিনের সফরের শুরুতে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীরও নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।
মীর শাহে আলম বলেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ৬ জুনের মধ্যে নির্বাচনগুলো শেষ করার পরিকল্পনা রয়েছে। যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল সরকারের ওপর বিভিন্ন বিষয়ে দায় চাপাবে—এটাই স্বাভাবিক। সরকার কোথায় ব্যর্থ হয়েছে, তা জনগণই বিবেচনা করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
কুড়িগ্রামে সার সংকট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপির নির্বাচিত প্রতিনিধিদের এলাকায় এ নিয়ে কোনো আন্দোলন হয়নি। তার দাবি, অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন এমন এলাকায় বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে পরিকল্পিতভাবে সার সংকটের আন্দোলন করা হয়েছে।
জ্বালানি সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সংকট কিছুটা কমেছে এবং পূর্ণাঙ্গ সমাধানের জন্য আরও সময় প্রয়োজন।
সফরকালে রংপুর ও কুড়িগ্রাম জেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেয় স্থানীয় প্রশাসন।