সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার এবং বিভক্তি সৃষ্টির অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের ভোলা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূমে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের দায়িত্বশীল নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে রাকিবুল ইসলাম ফারুকীর আনা অভিযোগ পর্যালোচনা করে তার পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
হেফাজত নেতাদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ, বিভ্রান্তিকর প্রচারণা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমিরে হেফাজতের নির্দেশে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৈঠকে নেতারা আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংগঠনের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছে। একই সঙ্গে শাপলা চত্বরের গণহত্যা মামলার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তারা।
সংগঠনের পক্ষ থেকে দেশবাসী ও তাওহিদী জনতার প্রতি যাচাইবিহীন তথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড বা নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালালে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।