নারী সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর এক জরুরি সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, অভিযোগ ওঠার পর স্থানীয় নেতারা জরুরি বৈঠকে বসেন। পরে সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে নুরুল ইসলাম সজলকে ইউনিয়ন জামায়াতের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। দলীয় সূত্রের দাবি, তাকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয় সূত্রের অভিযোগ, বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ২টার দিকে গাজীপুর ইউনিয়নের গজারিয়াপাড় এলাকায় এক প্রতিবন্ধী যুবকের স্ত্রীর সঙ্গে নুরুল ইসলাম সজলকে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা আটক করেন। পরে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজান মিয়া ও নুরুল ইসলাম সজলের বড় ভাই কাজল মিয়া তাকে নিজেদের জিম্মায় নিয়ে যান বলে জানা গেছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নুরুল ইসলাম সজলের ছবি প্রকাশ করে বিভিন্ন মন্তব্য করেন।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইদ্রিছ আলী বলেন, অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজলকে বহিষ্কার করা হয়েছে।
তবে নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।