ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাসুদ রানাকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর মাসুদ রানাকে ঘিরে আলোচনা শুরু হয়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতার মা’ হিসেবে সম্বোধন করতে দেখা যায়।
এছাড়া অভিযোগ ওঠে, শেখ হাসিনার প্রতি প্রকাশ্য সমর্থন জানানো এবং তার জন্য নোবেল পুরস্কার কামনার মতো বক্তব্য দেওয়ার পরও তিনি ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আরও অভিযোগ করা হয়, তিনি ওই পদে থেকে পুলিশের অভ্যন্তরীণ তথ্য পলাতক কর্মকর্তাদের কাছে পাচার করতেন। তবে এসব অভিযোগের বিষয়ে ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানানো হয়নি।
এর আগে ঝালকাঠি জেলা পুলিশে কর্মরত অবস্থায় বিরোধী দলের নেতাকর্মীদের দমনে বিতর্কিত ভূমিকা এবং জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনে তার সক্রিয় সম্পৃক্ততা নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা হয়।
সেই বিতর্কের মধ্যেই এবার কমিশনারের দপ্তর থেকে তাকে সরিয়ে আরঅ্যান্ডডি বিভাগে বদলি করা হয়েছে।