রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে এক মাসের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ সংরক্ষণ-সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, প্রধানমন্ত্রী আগামী এক মাসের মধ্যে একটি কার্যকর কর্মপরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, নদীদূষণ রোধে প্রতিটি শিল্পকারখানায় বাধ্যতামূলকভাবে ইটিপি (Effluent Treatment Plant) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যারা এ নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, নদী রক্ষা না করলে পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি জানান, পর্যায়ক্রমে সারা দেশের নদী দূষণমুক্ত করার পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে ঢাকার চারপাশের নদীগুলোকে কেন্দ্র করেই কার্যক্রম শুরু হবে।