প্রতিবছর দেশে পাঁচ কোটি করে বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশে মোট ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার (৯ আগস্ট) বরিশালের নগরীর বেলস পার্ক মাঠে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়নের পেছনে ছুটছেন না। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ তারই একটি বড় প্রমাণ। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। এ সমস্যা মোকাবিলায় বৈশ্বিকভাবে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, জ্বালানি ব্যবহারে সচেতন না হলে ভবিষ্যতে তাপমাত্রা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। তাই বৃক্ষরোপণের মাধ্যমে পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখতে হবে।
উদ্বোধনের পর তথ্যমন্ত্রী বৃক্ষমেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষমেলায় বিভিন্ন জেলা থেকে ৫০টি নার্সারি অংশ নিয়েছে।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বৃক্ষমেলা চলবে। এতে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।