আজ বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে জনভোগান্তির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী জানান, গ্যাস সরবরাহে ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ার কারণে সামিট টার্মিনালে অপেক্ষমাণ এলএনজি কার্গো খালাসে জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি এক্সিলারেট টার্মিনালও বর্তমানে পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে না।
প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক পরিস্থিতি স্বাভাবিক হলে এলএনজি খালাস করা সম্ভব হবে এবং গ্যাস সরবরাহও ধীরে ধীরে স্বাভাবিক হবে। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না গেলে বিদ্যুৎ সংকট তৈরি হওয়া স্বাভাবিক বলেও তিনি উল্লেখ করেন।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার গতকাল থেকেই একটি কৌশল নিয়ে কাজ করছে এবং আশা করা হচ্ছে, আজ সন্ধ্যা থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।
চলমান সংকট মোকাবিলায় সম্ভাব্য সব বিকল্প নিয়ে সরকার কাজ করছে জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজা হচ্ছে।
দেশে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত সরকারের ‘ভুল নীতি’কেও দায়ী করেন প্রতিমন্ত্রী। তার ভাষ্য, দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনার পরিবর্তে তাৎক্ষণিক সমাধানের ওপর বেশি গুরুত্ব দেওয়ায় বর্তমান পরিস্থিতির মতো সংকট তৈরি হয়েছে।
তবে চলমান সংকট থেকে উত্তরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।