প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়নে জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে ধাপে ধাপে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রথম পর্যায়ে দেশের প্রতিটি উপজেলায় ৭ হাজার পরিবারের নারী সদস্য এই কার্ড পাবেন।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে চার কোটি পরিবারের নারী সদস্যদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
তারেক রহমান বলেন, জনগণের সমর্থন থাকলে বিএনপি দেশের স্বার্থে সব ধরনের বাধা অতিক্রম করে কাজ করবে। তিনি জানান, বেগম খালেদা জিয়া প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে।
এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।
এর আগে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় নেতাদের অভ্যর্থনা গ্রহণ করেন।