কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, একরামুল হক হত্যার ঘটনায় তদন্ত সংস্থা দীর্ঘদিন তদন্ত শেষে প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। যাচাই-বাছাই শেষে আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। তবে সব আসামির নাম এখনো প্রকাশ করা হয়নি।
২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।
একরামুল হক হত্যার ঘটনা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তার পরিবারের একটি ফোনালাপ প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
এর আগে একই মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।