নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, আগামী চার থেকে ছয় মাসের মধ্যে দেশের বাস টার্মিনাল ও বাস স্টেশনগুলোতে দৃশ্যমান পরিবর্তন আনার জন্য কাজ চলছে। পাশাপাশি রেল খাতের সংকট নিরসনে আগামী জুলাই-আগস্টের মধ্যে ১৫০টি নতুন রেল বগি কেনার পরিকল্পনাও রয়েছে।
মেট্রোরেল স্টেশনে পোস্টার, ব্যানার ও অননুমোদিত বিজ্ঞাপন লাগানো বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণ নিয়ে বিভিন্ন আলোচনার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এ ধরনের বিষয়ে সঠিক তথ্য তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
তিনি আরও জানান, রাজধানীর সড়ক ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বাস, মেট্রোরেলসহ সমন্বিত একটি আধুনিক মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।