ঢাকার কেরানীগঞ্জে ৪ বছর বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান নামে এক যুবককে আটক করেছে র্যাব-১০।
শনিবার (২৩ মে) দুপুরে এক অটোরিকশাচালকের সন্দেহ ও দ্রুত তথ্য দেওয়ার ভিত্তিতে র্যাব-১০ এর একটি টহল দল ঝিলমিল আবাসন প্রকল্প এলাকার নির্জন ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করে।
জানা গেছে, শিশুটির পরিবার এবং অভিযুক্ত শাহ পরান— উভয়েই দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি এলাকার হাফেজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ঘটনার সময় শিশুটির মা-বাবা বাসায় ছিলেন না। এই সুযোগে অভিযুক্ত শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে বাইরে নিয়ে যায়।
শিশুকে নিয়ে যাওয়ার সময় তারা একটি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাচালকের কাছে পুরো বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাদের ওপর নজর রাখতে শুরু করেন।
অটোরিকশাচালক মো. রাকাত হোসেন (৩৮) জানান, যুবকটির আচরণ ও কথাবার্তা দেখে তার সন্দেহ হয়। ঝিলমিল এলাকায় নামিয়ে দেওয়ার পর তিনি কিছুটা দূরে অবস্থান করেন। পরে দেখেন অভিযুক্ত শিশুটিকে নিয়ে একটি ঝোপের ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর শিশুর কান্নার শব্দ শুনে তিনি দ্রুত র্যাব-১০ সদস্যদের খবর দেন।
খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্ত বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছে। পরবর্তীতে থানায় হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।