এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুনঃপরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষায় থাকবে, নাকি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ঝরে পড়া ও অকৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থায় ধরে রাখা এবং তাদের পুনরুজ্জীবিত করার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। যারা পাস করেছে, তাদের পাশাপাশি যারা ঝরে পড়ছে বা পরীক্ষায় অকৃতকার্য হচ্ছে, তাদের সমস্যার সমাধানেও গুরুত্ব দিতে হবে।
এসএসসি পরীক্ষার পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে। বছরের পর বছর অকৃতকার্য হওয়ার ধারাবাহিকতা চলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, পুনঃপরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে তাদের পরবর্তী শিক্ষাপথ নির্ধারণ করা হবে। সাধারণ শিক্ষায় প্রয়োজনীয় সাফল্য অর্জন করতে না পারলে তাদের কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে। এ পরিস্থিতি পরিবর্তনে নতুন প্রজন্মের মধ্য থেকেই উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা এবং আনন্দের সঙ্গে শেখার ওপর গুরুত্ব দিয়েছেন।