নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার বাবনী এলাকায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন ও নতুন করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ নির্দেশ দেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে কায়সার কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। সেই বৃক্ষ ধ্বংসের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসন এখনো কোনো সূত্র খুঁজে পায়নি। তিনি ওসির সঙ্গে কথা বলেছেন উল্লেখ করে বলেন, চেষ্টা নয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের খুঁজে বের করতে হবে।
গাছের চারা উপড়ে ফেলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার আহ্বান জানান ডেপুটি স্পিকার। তার মতে, শুধু বাড়িঘর সম্প্রসারণের জন্য এ ঘটনা ঘটেছে—এটি পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। এ কারণে রাজনৈতিক উদ্দেশ্যের সম্ভাবনাও তদন্তের আওতায় রাখার তাগিদ দেন তিনি।
জড়িতদের বিরুদ্ধে যথাযথ পরিবেশ আইনে মামলা করার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন কায়সার কামাল।
তিনি বলেন, মানুষের কল্যাণে রোপণ করা গাছ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। এসব গাছ রক্ষায় স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের দুই পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
এরপর গত ২৫ আগস্ট দিবাগত রাতে বাবনী এলাকায় দুর্বৃত্তরা সড়কের পাশে লাগানো প্রায় ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে চলে যায়।
শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন।