গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জামায়াতে ইসলামীর বামনডাঙা ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম বাবু।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু।
দলীয় সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উপজেলা আমিরের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন রাশেদুল ইসলাম বাবু।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করলেও বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কারণে দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
এদিকে, বামনডাঙা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে চাঁদ মিয়াকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউনিয়ন জামায়াতের আমির শফিকুল ইসলাম শামীম বলেন, বিষয়টি জানার পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু।