নোয়াখালীর সেনবাগে নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় নিহত হয়েছে আরাফাত হোসেন ফাহিম (১৫) নামে এক স্কুলছাত্র। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। পুলিশ অভিযান চালিয়ে হামলার মূল অভিযুক্ত হারুনকে আটক করেছে।
বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের দেবিসিংহপুর গ্রামের আঞ্জু মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে এবং স্থানীয় পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি বাড়ির উঠান ও চলাচলের পথ ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল হারুন ও তার সহযোগীরা। বুধবার সন্ধ্যায় গাঁজা সেবনের সময় বাড়ির লোকজন তাদের বাধা দিলে তারা সেখান থেকে চলে যায়।
পরে রাত ৯টার দিকে হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল যুবক বাড়িটিতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে মাদক কারবারিদের ছুরিকাঘাতে ফাহিম, শাকিব, রিফাতসহ অন্তত পাঁচজন আহত হন।
আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে অভিযান চালিয়ে আহত অবস্থায় হামলার মূল অভিযুক্ত হারুনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।