জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, সরকারের উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের গাফিলতি বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। প্রতিটি প্রকল্প নির্ধারিত নকশা ও মানদণ্ড অনুসরণ করে শতভাগ গুণগত মান নিশ্চিত করেই বাস্তবায়ন করতে হবে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের (আরএইচডি) থেকে চরপাতালিয়া বাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হুইপ অপু বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ করতে হবে। কাজের গতি বাড়ানোর পাশাপাশি গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।
তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, নির্মাণকাজ চলাকালে সাধারণ মানুষের চলাচলে যেন কোনো ভোগান্তি না হয়, সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিকল্প চলাচলের ব্যবস্থা গ্রহণ এবং জনদুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন কাজের মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। তাই কাজের মান, নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং জনস্বার্থ—এই তিনটি বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্প সম্পন্ন করতে হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শরীয়তপুরের বাস্তবায়নে ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প (২য় সংশোধিত)’-এর আওতায় সামন্তসার ইউপি (আরএইচডি) থেকে চরপাতালিয়া বাজার পর্যন্ত ৪ হাজার ১২০ মিটার সড়ক প্রশস্ত ও শক্তিশালী করা হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯৩৯ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত আরা খানম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।