মাছ চাষিদের খুব শিগগির ‘কৃষক কার্ড’-এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদ্বোধনকালে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় মৎস্য পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বাংলাদেশে মিঠাপানির মাছ উৎপাদনের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে প্রায় ১৬ লাখ নারীসহ দেশের ২ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, পরিকল্পিত ও যথাযথ পদক্ষেপ নেওয়া হলে মৎস্য খাতে আরও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। পাশাপাশি চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানির মাধ্যমে প্রতিবছর বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ।
দেশের মৎস্যসম্পদ আরও বাড়াতে পর্যায়ক্রমে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
একই সঙ্গে জেলেদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।