ঢাকেশ্বরী মন্দিরের জমির একটি বড় অংশ আওয়ামী লীগের দখলে ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পার হয়েছে। এ সময়ে দেশে কেউ গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা রাজনৈতিক নির্যাতনের শিকার হননি বলে দাবি করেন তিনি। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চায় সবার সহযোগিতা কামনা করেন।
ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে কোনো অধিকার থেকে বঞ্চিত করা হবে না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। বাংলাদেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সবাই নাগরিক—এমন বক্তব্যও দেন তিনি।
ঢাকেশ্বরী মন্দিরের জমি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একটি স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে তিনি মন্দির এলাকা পরিদর্শন করেছিলেন। তখন প্রায় আড়াই একর সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে পাওয়া যায়। তার দাবি, বাকি সম্পত্তি আওয়ামী লীগের দখলে ছিল।
তিনি বলেন, সরকারের নিয়ন্ত্রণে থাকা আড়াই একর জমির বড় অংশ ছিল শ্মশান। এটি না থাকলে ওই জমিটুকুও দখল হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমানে ওই জমি ফেরত নেওয়ার ক্ষেত্রে জটিলতা রয়েছে। কারণ জমিগুলো বহুবার হাতবদল হয়েছে। তার ভাষায়, “দশ-বারো হাত বদল হয়ে গেছে”—এটাই বর্তমান বাস্তবতা।
অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি, নাগরিক অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকারের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।