এক নারীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা জামায়াতের সভাপতি মো. ইসমাঈলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তার স্থলে অধ্যাপক জসিম উদ্দিনকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রাম মহানগর জামায়াত ইসমাঈলকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে সোমবার দলটির গঠিত তদন্ত কমিটি ইসমাঈলের বিষয়ে প্রতিবেদন জমা দেয়। পরে নগর জামায়াতের আমির নজরুল ইসলাম তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন।
নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বলেন, মো. ইসমাঈলকে সরিয়ে অধ্যাপক জসিম উদ্দিনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জেনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, ২০২৩ সালে ইসমাঈলের সুপারিশে লোহাগাড়ার কলাউজানের এক নারী আইএমসিএইচে ডক্টর অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পান। চাকরিতে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই ওই নারীর পদোন্নতি হয়। পরে ইসমাঈলের সঙ্গে তার বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে।
ওই নারীর সাবেক স্বামীর পরিবারের দাবি, সম্পর্কের প্রমাণ পাওয়ার পর ২০২৪ সালের ১৮ ডিসেম্বর তাদের বিবাহবিচ্ছেদ হয়।
অভিযোগ তদন্তে চট্টগ্রাম মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ খায়রুল বাশারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পরই ইসমাঈলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক জসিম উদ্দিন। তিনি জানান, বুধবার তাকে চান্দগাঁও থানার দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তবে ইসমাঈলের পরিবর্তে তাকে দায়িত্ব দেওয়ার বিস্তারিত কারণ তিনি জানেন না।
এদিকে ঘটনার পর থেকে মো. ইসমাঈলের ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।