নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে ফোন করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ফোনালাপে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শোক জানিয়ে তিনি বলেন, বন্যা ও ভূমিধসে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি বাংলাদেশের গভীর সমবেদনা ও প্রার্থনা রয়েছে।
ফোনালাপে নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটির কর্তৃপক্ষ এখন বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী ধরনের সহায়তা প্রয়োজন, তা মূল্যায়ন করছে। এ বিষয়ে আজ সন্ধ্যা অথবা আগামীকালের মধ্যে বাংলাদেশকে জানানো হতে পারে।
নেপালকে সহায়তার জন্য বাংলাদেশ কোনো ফ্লাইট প্রস্তুত করছে কি না—এমন প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, নেপাল প্রয়োজন জানালে বাংলাদেশ সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। একই সঙ্গে বাংলাদেশি কারও বিষয়ে কোনো দুর্ভাগ্যজনক তথ্য পাওয়া গেলে নেপাল সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের এই কঠিন সময়ে দেশটির সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন। প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
জবাবে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংহতি ও সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, নেপালি কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়নের পর প্রয়োজন হলে সুনির্দিষ্ট সহায়তার বিষয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হবে।
এ সময় ড. খলিলুর রহমান নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত শোকবার্তাও পৌঁছে দেন।