অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের কর্মকাণ্ড তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওইদিন শুনানি শেষে আদালত আদেশের জন্য ২১ মে দিন নির্ধারণ করেছিলেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’-এর আওতায় একটি তদন্ত কমিশন গঠন করা হলে বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে মূল্যায়নের সুযোগ তৈরি হতো।
অন্যদিকে রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, এই সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছিল এবং তদন্তের পদ্ধতি সরকার নির্ধারণ করবে— এমন অবস্থান তুলে ধরা হয়।
তবে শুনানি শেষে হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দেন।