প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার, ছাত্রীদের মধ্যে বাইসাইকেল এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন সমাজের প্রান্তিক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিক্ষার্থীরা সমানভাবে পায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি বলেন, একজন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া শুধু একটি বাহন দেওয়া নয়; বরং তার শিক্ষাজীবনকে আরও সহজ ও গতিশীল করার উদ্যোগ। একইভাবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য হুইলচেয়ার প্রদান তাদের চলাচলের স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার মানবিক দায়িত্ব।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই পড়াশোনার পাশাপাশি তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়নেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সমাজের কোনো মানুষ যেন নিজেকে অবহেলিত মনে না করেন, সে জন্য রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তাও বিতরণ করা হয়।