নোয়াখালীর হাতিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হেলাল উদ্দিন ওই এলাকার বেলায়েত খলিফার ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সকাল ৮টার দিকে ওই স্কুলছাত্রীকে নিজের ফার্মেসির পেছনে নিয়ে যাওয়ার পর ধর্ষণের অভিযোগ ওঠে হেলালের বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে তাকে আটক করেন। পরে গ্রাম পুলিশের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের আরও দাবি, হেলাল উদ্দিনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্মের অভিযোগ ছিল। গত ৫ আগস্ট এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয়ভাবে সালিশ বসিয়ে তাকে শাস্তি ও জরিমানা করা হয়েছিল বলেও তারা দাবি করেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা যায়নি।
এদিকে স্থানীয়দের দাবি, হেলাল উদ্দিন আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সরকার পরিবর্তনের পর জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন।
হরণী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ তারিফুল মাওলা বলেন, ধর্ষণের মতো অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। তিনি দাবি করেন, হেলাল উদ্দিনকে জামায়াতের কোনো পর্যায়ের কর্মী বা সদস্য করা হয়নি; তবে তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।