ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক বৈলর ইউনিয়নের কানহর গ্রামে ‘ধরার খাল’ পুনঃখননসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) সকাল ১১টা ৫ মিনিটে তেজগাঁওয়ে নিজ কার্যালয় থেকে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, দুপুরে ত্রিশালের বৈলর ইউনিয়নে ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে ত্রিশাল নজরুল ডাক বাংলোতে সংক্ষিপ্ত বিরতি নেবেন।
এরপর বিকেল ৩টায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। অনুষ্ঠানটি ত্রিশালে অনুষ্ঠিত হবে।
দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সব কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।