নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারুক হোসেন (২৭) নামে এক যুবককে লক্ষ্য করে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন হাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক হোসেন কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা তিন থেকে চারজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পর হামলাকারীরা দ্রুত সিএনজিযোগে ঘটনাস্থল ত্যাগ করে। গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।