চট্টগ্রামের পটিয়ায় অপহরণের দুই দিন পর পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত সাড়ে ৩টার দিকে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খীল এলাকার ভুক্তভোগীর বাড়ির পাশের একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জায়হান একই এলাকার শাহজাহানের ছেলে। তাকে অপহরণের পর মুক্তিপণ দাবির একটি চিরকুট পাওয়া যায়, যেখানে হুমকি দিয়ে লেখা ছিল—‘তোর ছেলে আমাদের কাছে আছে। ছেলেকে পেতে চাইলে যেটা বলছি সেটা শুন। আধা ঘণ্টার মধ্যে ৩ লাখ টাকা...’।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় জায়হান। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।
পরবর্তীতে পুলিশ চিরকুটের সূত্র ধরে তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
স্বজনদের অভিযোগ, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণের পর হত্যা করা হয়েছে এবং পরে মরদেহ বস্তাবন্দি করে ময়লার ভাগাড়ে ফেলে রাখা হয়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।