৪৯তম বিসিএসের প্রজ্ঞাপনে নাম না থাকা প্রার্থীদের পুনরায় যাচাই শেষে তালিকা প্রকাশের স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ধন্যবাদ জানিয়েছেন ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত মো. জসীম উদ্দীন। তিনি বলেছেন, সোমবার (৫ অক্টোবর) গেজেটে তাঁর নাম প্রকাশিত হলে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও সিস্টেমের ওপর তাঁর আস্থা আবারও ফিরবে।
এর আগে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো চাকরিপ্রার্থীর সঙ্গে বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন একটি নিয়মিত ও বাধ্যতামূলক প্রক্রিয়া। তবে কারও রাজনৈতিক পরিচয়ের কারণে বৈষম্য করা হবে না। বাদ পড়া প্রার্থীদের পুনরায় ভেরিফিকেশনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর জসীম উদ্দীন বলেন, তাঁর রাজনৈতিক পরিচয় ছিল এবং ২০২২ সালের একটি কমিটিতে তিনি ছাত্রলীগের পদে ছিলেন। তবে জুলাই আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল বলেও দাবি করেন তিনি।
জসীম উদ্দীন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে বাদ পড়া প্রার্থীদের ভেরিফিকেশন শেষ করার পর আগামী সোমবার গেজেট প্রকাশ করা হবে। সত্যিই যদি ওই দিন তাঁর নাম গেজেটে আসে, তাহলে তিনি খুশি হবেন এবং রাষ্ট্রব্যবস্থার ওপর তাঁর পুনরায় আস্থা তৈরি হবে।
তিনি বলেন, ৪৯তম বিসিএসে সুপারিশ পাওয়ার পরও গেজেটে নাম না আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অসুস্থ ও বৃদ্ধ বাবা-মায়ের সামনে দাঁড়ানোর মতো পরিস্থিতি তাঁর ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গেজেটে নাম না আসার প্রতিবাদে জসীম উদ্দীন আগামী ১২ অক্টোবর বিসিএসে যোগদানের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আত্মাহুতির ঘোষণা দিয়েছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পর তিনি এ বিষয়ে নতুন কোনো ঘোষণা দেননি।
উল্লেখ্য, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বাদ পড়া প্রার্থীদের সংখ্যা ও কারণ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভেরিফিকেশনসহ বিভিন্ন প্রক্রিয়ার কথা জানানো হয়েছে।