ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানিয়েছেন, পর্যায়ক্রমে যোগ্য সবাই ফ্যামিলি কার্ড পাবেন। বিতরণে অনিয়মের চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ করতে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। পরে তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে। এ জন্য কাউকে দৌড়াদৌড়ি বা তদবির করতে হবে না।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করেছে। কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দেওয়া শুরু হয়েছে এবং মন্দিরের পুরোহিতদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের উন্নয়নে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নেও সর্বাত্মক চেষ্টা করবেন। একই সঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতির নামে মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য নজরদারি জোরদার করা হবে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ অন্যরা।
পরে প্রতিমন্ত্রী উপজেলা মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা চালের ডিও বিতরণ করেন।