অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পথ সুগম হয়েছে। এ-সংক্রান্ত রিট খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর ১৫ ও ৩২ পৃষ্ঠার পৃথক দুটি রায় প্রকাশিত হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর আদালত গ্রামীণ কল্যাণের দায়ের করা পৃথক রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দেন। ফলে এনবিআরের দাবি করা কর আদায়ে আইনগত বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছে প্রদেয় আয়কর নিয়ে এনবিআরের দাবির বিরুদ্ধে ২০১৭ সালে পৃথক দুটি রিট দায়ের করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন। পরবর্তী সময়ে নতুন বেঞ্চে শুনানি শেষে সেই রুল খারিজ করা হয়।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে এ-সংক্রান্ত আগের রায় প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছিলেন। পরে মামলাটি শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়।
সর্বশেষ রায়ে রিট খারিজ হওয়ায় গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ ৬৬৬ কোটি টাকা আদায় করতে পারবে এনবিআর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।