প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী–কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান এ নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যাকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে দেশের বহু মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে বলেও দাবি করা হয়।
নোটিশ প্রেরণকারী আরও উল্লেখ করেন, এ ধরনের বক্তব্যে তিনিও ব্যক্তিগতভাবে মর্মাহত হয়েছেন।
এ ছাড়া নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি বলেন, কেন নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না— এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আদালতে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির জুবেদ আলী ভবন, কক্ষ নম্বর–৮৫ উল্লেখ করা হয়েছে।