ক্যানসারে আক্রান্ত সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ক্যানসারে আক্রান্ত ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে তিনি সাক্ষাৎ করেন। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর দুই সপ্তাহ পর ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যানসার ধরা পড়ে। সাত মাস পর স্বামীকেও হারান তিনি।
স্বামী ও সন্তান হারিয়ে কঠিন সংকটে পড়া পরিবারটির পাশে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।
এরপর থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এবং বর্তমান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানেই তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে।